আরব বিশ্বের অন্যতম আলেম শায়খ নাবীল আল-আওয়াযি রহিমাহুল্লাহ-র কিতাবে পড়েছিলাম—একটি ছোট ছেলের ঘটনা। একদিন সে এক মজলিসে বসেছিল। সেখানে রাসূলুল্লাহ ﷺ-এর এই হাদিস শুনল—যে ব্যক্তি জামাতে ফজরের নামায পড়ে, সে আল্লাহর জিম্মায় থাকে।ছেলেটি তার বাবাকে জিজ্ঞেস করল, ‘আব্বা! আল্লাহর জিম্মায় থাকা মানে কী?’বাবা বললেন, ‘অর্থাৎ আল্লাহর হিফাজত ও তত্ত্বাবধানে থাকা।’ছেলেটি বলল, ‘শুধু ফজরের নামায পড়লেই?’বাবা বললেন, ‘হ্যাঁ।’তখন ছেলেটি বলল, ‘তাহলে আব্বা! আমাকে ফজরের নামাযে আপনার সঙ্গে জাগিয়ে দেবেন।’বাবা বললেন, ‘আচ্ছা।’ছেলেটি বলল, ‘যদি না জাগান, তাহলে আমি স্কুলে যাব না।’বাবা ভেবেছিলেন—এটা হয়তো বাচ্চাদের সাময়িক উচ্ছ্বাস। তাই তিনি ফজরে তাকে জাগালেন না; বরং স্কুলের সময় জাগালেন।ছেলেটি বলল, ‘আপনি আমাকে ফজরে জাগালেন না কেন?’বাবা বললেন, ‘তুমি তো ছোট। বড় হলে জাগাব।’ছেলেটি বলল, ‘আমি আজ স্কুলে যাব না।’বাবা যতই বোঝান, সে স্কুলে যেতে অস্বীকার করল। পরের দিন বাবা তাকে ফজরে জাগালেন—ছেলের পড়াশোনার চিন্তায়। ছেলেটি বাবার সঙ্গে মসজিদে গিয়ে জামাতে ফজর পড়ল। নামায শেষে সে বাবাকে জিজ্ঞেস করল, আব্বা! আজ কি আমি আল্লাহর জিম্মায়?”বাবা বললেন, ‘ইনশাআল্লাহ।’সে স্কুলে গেল। ক্লাসে শিক্ষক বললেন, ‘যারা বাড়ির কাজ আনোনি, দাঁড়াও।’কয়েকজন ছাত্রের সঙ্গে সে-ও দাঁড়াল। শিক্ষক একজন একজন করে বেত্রাঘাত করতে লাগলেন। তার পালা এলে ছেলেটি বলল, ‘আপনি আমাকে মারতে পারবেন না!’শিক্ষক বললেন, ‘কেন? এত সাহস কোথা থেকে এলো?’ছেলেটি বলল, কারণ নবীজি ﷺ বলেছেন—যে জামাতে ফজরের নামায পড়ে, সে আল্লাহর জিম্মায় থাকে। আজ আমি ফজরের নামায জামাতে পড়েছি। আমি তো আল্লাহর হিফাজতে আছি। আপনি কীভাবে আমাকে মারবেন?’শিক্ষক হেসে বললেন, ‘তুমি সত্য বলেছ। আজ আমি তোমাকে মারব না।’ (Umayer Kobbadi)